বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই টেস্ট সিরিজের তিক্ত স্মৃতি ঝেড়ে নতুন উদ্যমে ওয়ানডে অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার হারারেতে চার বছর পর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।
ওয়ানডেতে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই । ৮১ বারের দেখায় টাইগারদের ৫১ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ৩০টি। তবে স্বাগতিকদের মাঠে লড়াইটা সবসময়ই কঠিন। জিম্বাবুয়েতে শেষ পাঁচ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে স্বাগতিকরা এগিয়ে ৩-২ ব্যবধানে। যদিও সব মিলিয়ে শেষ পাঁচ সিরিজের চারটিই জিতেছে বাংলাদেশ। ম্যাচের আগে টাইগার কাপ্তান জানালেন, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রস্তুত তার দল।
বাংলাদেশের লক্ষ্য টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়। তবে সিরিজ জয়ের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও থাকবে টাইগারদের সামনে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই সিরিজকে দেখছেন প্রস্তুতির মঞ্চ হিসেবে।
অন্যদিকে নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে জিম্বাবুয়ের লক্ষ্যও অভিন্ন। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ২০২৭ বিশ্বকাপের আগে শক্তিশালী দল গড়ে তুলতে চায় রোডেশিয়ানরা। স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের ফল। যেখানে হারারেতেই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।
হারারেতে পেস-সহায়ক উইকেটে টস জিতে আগে বোলিং করাই হতে পারে বড় সুবিধা। সোমবার জিম্বাবুয়ের হারারেতে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।





