ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ

লালমোহন থানা, ভোলা
লালমোহন থানা, ভোলা | ছবি: সংগৃহীত
0

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক কিশোর লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে, আত্মসমর্পণ করা মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।’

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ