ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেন
শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ (রোববার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে, তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। এর আগে, তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এদিকে ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওইদিন দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আমিনুল হক ওই কমিটির আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন।

এএইচ