আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

গ্রেপ্তারদের মধ্যে চারজন
গ্রেপ্তারদের মধ্যে চারজন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

আজ (সোমবার, ২৯ জুন) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের অধিকাংশই বর্তমানে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুন:

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টার পর শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পিকআপটি থামিয়ে তল্লাশির চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি পুলিশের মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার সময় ৪ নম্বর ফেরিঘাটের পন্টুনের ওপর গাড়িটি আটকে দিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটির চালকের আসনের নিচ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দুটি, এরশাদুলের বিরুদ্ধে একটি, হামিদুল বিশ্বাসের বিরুদ্ধে একটি এবং আবুল কালামের বিরুদ্ধে একটি করে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে।'

এসএস