হরমুজ প্রণালিতে আটকে পড়া এগারো হাজার নাবিককে উদ্ধারের ঘোষণা জাতিসংঘের

হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ
হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ | ছবি: বিবিসি
0

ইরান যুদ্ধে হরমুজ প্রণালিতে আটকে পড়া প্রায় এগারো হাজার নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুশিয়ারি জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে টোল আদায় করতে পারবে না ইরান। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার চারটি জাহাজ নিরাপদে হরমুজ অতিক্রম করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ এই জলপথ ফের চালু হওয়াতে বিশ্ব বাজারে কমতে শুরু করেছে জ্বালানির দাম।

বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ ফের খুলে দেয়ার বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহরেনি গত মঙ্গলবার ঘোষণা করেছেন, হরমুজ দিয়ে কোনো টোল ছাড়াই সব জাহাজ চলাচল করতে পারবে। এছাড়া, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে দু'পক্ষ একটি যোগাযোগ লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

পাশাপাশি ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং রপ্তানির অনুমোদন দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, লেবানন ও অন্যান্য স্থানের মতো হরমুজ প্রণালিতেও সমস্যা থাকতে পারে। আমরা সেখানে সমন্বয় করতে সম্মত হয়েছি। যার মধ্যে একটি হটলাইন এবং একটি কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। সেখানে যেকোনো অস্পষ্টতা বা বিরোধের ক্ষেত্রে যোগাযোগ করা যাবে। যাতে প্রণালিটি দিয়ে জাহাজগুলো আরও নিরাপদে চলাচল করতে পারে। আশা করি আঞ্চলিক অর্থনীতি গতিশীল হবে। আমারা এগিয়ে যাব।

অন্যদিকে, গেল মঙ্গলবার আমিরাত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে টোল আদায় করতে পারবে না, কারণ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। রুবিও এরপর কুয়েত ও বাহরাইন সফরে যাবেন। সেখানে তিনি উপসাগরীয় আরব নেতাদের কাছে ওয়াশিংটন-তেহরানের শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত জানাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আচ্ছা, এটাই তো আইন। এটি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই আন্তর্জাতিক জলপথে টোল বা মাশুল ধার্য করতে পারে না। সারা বিশ্বের আন্তর্জাতিক জলপথগুলোতে এমনই নিয়ম। আমরা আশা করি এখানেও তাই হবে। আমার মনে হয় না এ ব্যাপারে এখানকার কাউকে আমাদের বোঝানোর প্রয়োজন আছে। আমার ধারণা, এই অঞ্চলের সব দেশই আমাদের সঙ্গে একমত।

এরমধ্যে আরও চারটি দক্ষিণ কোরীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি পার করেছে বলে জানিয়েছে দেশটির সমুদ্র ও মৎস্য মন্ত্রণালয়। জাহাজগুলোতে ২৬ জন কোরীয় নাবিক ছিলেন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অস্থায়ী সামুদ্রিক করিডোর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক আইন মেনে কৌশলগত এই জলপথে অবাধে নৌচলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নিতে চায় দেশটি।

ইরান যুদ্ধে হরমুজ প্রণালিতে আটকে পড়া প্রায় এগারো হাজার নাবিকদের তারা উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, অভিযানটি ইরান,যুক্তরাষ্ট্র,ওমান এবং এই অঞ্চলের অন্যান্য উপকূলীয় দেশের সহযোগিতায় পরিচালিত হবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমি আইএমও-তে আমাদের সহকর্মীদের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে গৃহীত একটি উদ্যোগের কথা জানাতে চাই। তারা এই অঞ্চলে আটকে থাকা প্রায় ১১,০০০ নাবিকদের উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে। এই অভিযান যুক্তরাষ্ট্র, ইরান, ওমান, এই অঞ্চলের অন্যান্য সকল উপকূলীয় রাষ্ট্র, সামুদ্রিক শিল্প সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিচালিত হবে। আইএমও-র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ অভিযানের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছেন। অভিযানটি হাজার হাজার নাবিকের ওপর চলা মানবিক সংকটের অবসান ঘটাবে

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু হলে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, ফলে অসংখ্য জাহাজ সেখানে আটকা পড়ে। কিন্তু গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি স্বাক্ষরের পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বেড়েছে। কেপলার শিপিং ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী, সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ প্রণালিটি দিয়ে যাতায়াত করেছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

এছাড়া গুরুত্বপূর্ণ এই জলপথ ফের চালু হওয়াতে বিশ্ব বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি তেলের দাম কমতে শুরু করেছে। গত চার মাসে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্স ০.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৬.৭১ ডলারে লেনদেন হচ্ছিল। এর আগে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমে মার্চের শুরুর দিকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে।

ইএ