কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নিলো কানাডা। স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে ১৯৬৬ সালের পর প্রতিপক্ষের জালে হ্যাট্রিক করার মাইলফলক অর্জন করলেন কানাডিয়ান ফরওয়ার্ড জোনাথন ডেভিড। একইসঙ্গে, লিওনেল মেসির পর বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের গৌরব অর্জন করলেন তিনি।
শুক্রবার ভোরে কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কাতারকে চাপে রাখে স্বাগতিকরা। মাত্র ১৬ মিনিটেই কাইল লারিনের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর ২৯ মিনিটে লিড দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। বিরতির আগে নিজের জোড়া গোলও পূর্ণ করেন এ কানাডিয়ান ফরওয়ার্ড।
আরও পড়ুন:
প্রথমার্ধে তিন গোল আর এক লাল কার্ড হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার লাল কার্ড দেখে কাতার। এরপরে নয়জনের দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকরা। ডেভিডের হ্যাট্রিকের পাশাপাশি গুনেগুনে ৬ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা।
বি গ্রুপের আরেক ম্যাচে কানাডার মত ড্র দিয়ে আসর শুরু করা সুইজারল্যান্ডও প্রতিপক্ষের জালে করেছে গোল উৎসব। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জাকার দল করেছে ৪ গোল। জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ বি তে কানাডার পরেই আছে সুইজারল্যান্ড।
এর আগে, দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেক প্রজাতন্ত্র। বিশ্বকাপে এখন জয়ের মুখ দেখেনি এই দুইটি দল। ম্যাচের মাত্র ৬ মিনিটে মিখাল সাদিলেকের গোলে পিছিয়ে পড়লেও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। যদিও ম্যাচ জিততে পারেনি দলটি। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এক পয়েন্ট এনে দেন তেবোহা মোকায়েনো। সমান এক পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' এর পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে চেক প্রজাতন্ত্র।




