আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ২

আটক হওয়া দু’জন
আটক হওয়া দু’জন | ছবি: সংগৃহীত
0

বরগুনার আমতলীতে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে আটকদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন— আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে ও সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী (৩৫) এবং মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, খোন্তাকাটা বটতলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক ঘোরাফেরার কারণে জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশের এই ঝটিকা অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়।’

তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকার জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস