সেন্টমার্টিনে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

অজগর উদ্ধার
অজগর উদ্ধার | ছবি: এখন টিভি
0

বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ক্ষেতের জালে আটকা পড়ে ধরা দিয়েছে বিশাল আকৃতির একটি অজগর। আজ (শুক্রবার, ৫ জুন) সকাল ৮টার দিকে দক্ষিণ সেন্টমার্টিনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় ১৫ ফুট লম্বা অজগরটি জীবিত অবস্থায় উদ্ধার হওয়ার পর দ্বীপজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সেন্টমার্টিন এলাকার বাসিন্দা মুসা আলীর বাড়ির আঙিনায় থাকা মরিচ ক্ষেতের জালে অজগরটি আটকা পড়ে। সকালে ক্ষেতে গিয়ে জালের মধ্যে বিশালাকৃতির অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে জীবিত উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

অজগরটি উদ্ধারকারী মুসা আলি (৫৫) জানান, সাপটির দৈর্ঘ্য অন্তত ১৫ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। বয়সও আনুমানিক ৩ থেকে ৫ বছর হতে পারে বলে ধারণা তার।

তিনি জানান, অজগরটি দীর্ঘদিন ধরে এলাকার কেয়া বাগান ও আশপাশের ঝোপঝাড়ে বিচরণ করত। মাঝেমধ্যে লোকজন সেটিকে দেখতে পেলেও পরে আবার আড়ালে চলে যেত। শুক্রবার সকালে হঠাৎ মরিচ ক্ষেতের জালে আটকে থাকতে দেখি। সাপটি এখনও জীবিত রয়েছে। এত বড় অজগর দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মতলব বলেন, ‘সাপটির আকার বেশ বড় হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এটি নিরাপদে বাড়ির মালিকের হেফাজতে রয়েছে।’

আরও পড়ুন:

অজগরটির দ্বীপে আসার সম্ভাব্য কারণ নিয়েও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।

সেন্টমার্টিনের বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেন, ‘সেন্টমার্টিন মিয়ানমার উপকূল থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল নামে। সেসময় গাছ, বাঁশসহ নানা ভাসমান বস্তু সাগরের স্রোতে ভেসে এসে সেন্টমার্টিনের তীরে আটকে যায়।’

তার ধারণা, ‘কোনো গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে ভেসে আসার মাধ্যমে অজগরটি একসময় দ্বীপে পৌঁছাতে পারে।’

এদিকে সেন্টমার্টিনে পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরে সাপটির নিরাপদ সংরক্ষণ কিংবা উপযুক্ত স্থানে অবমুক্তকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, টেকনাফ উপকূল থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ দ্বীপে এত বড় একটি অজগর উদ্ধারের ঘটনা স্থানীয়দের কাছে বিরল বলেই বিবেচিত হচ্ছে। ফলে ঘটনাটি নিয়ে দ্বীপজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার।

এসএস