দিয়াবাড়িতে নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
1

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নিজ স্বামীর বিরুদ্ধেই এ অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ রেস্টুরেন্ট ভাঙচুর ছাড়াও বিভিন্ন বিষয় ও হুমকি ধামকির কথাও তুলে ধরেন।

​লিখিত বক্তব্যে নাসরীন জানান, গত ১১ সেপ্টেম্বর তার প্রাক্তন স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দার (৫৩) সুকৌশলে তাকে ও তার মেয়েকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেন এবং সেখানে থাকা অবস্থাতেই তাকে তালাকের নোটিশ পাঠান। দেশে ফেরার পর তাদের বাসায় ঢুকতে দেওয়া হয়নি এবং তার পাসপোর্ট ও গাড়ি আটকে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন।

ছেলে মেয়েদের নিয়ে ​জীবিকা নির্বাহের জন্য দিয়াবাড়িতে (তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের এভিনিউ ০৬) একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন এই নারী উদ্যোক্তা। তিনি জানান, রেস্টুরেন্টের ৬ কাঠা জমি তার স্বামীর এবং বাকি ৩ কাঠা তার নিজের কেনা ছিল। স্বামীর কাছ থেকে লিখিত চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে তিনি এ ব্যবসা দাঁড় করিয়েছিলেন। কিন্তু পূর্ব আক্রোশের জেরে কোনো প্রকার নোটিশ ছাড়াই আবু সাঈদ মোহাম্মদ হায়দার রেস্টুরেন্টটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন নাসরীন। শুধু তাই নয়, রেস্টুরেন্টের নিরীহ কর্মচারীদেরও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

​চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিরুপায় হয়ে তিনি গত ১৫ অক্টোবর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০৬১) দায়ের করেছেন।

নাসরিন জাহান নাজ বলেন, ‘আমি একজন নারী উদ্যোক্তা, চরম আতঙ্ক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি একজন নারী হিসেবে জীবনের নিরাপত্তা চাই সন্তানের জীবনের নিরাপত্তা চাই, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আমার স্বামী যেভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার রেস্টুরেন্ট ভেঙে আমার ব্যবসার ক্ষতি করেছে। আমি আমার মায়ের টাকায় রেস্টুরেন্ট শুরু করেছি। স্বামী হওয়া সত্ত্বেও ওনার কাছ থেকে টাকার বিনিময়ে ২ বছরের চুক্তি করে আমি রেস্টুরেন্ট ভাড়া নেই। আমার স্বামী আমার সন্তানকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে, তাকে তার বাবা বাসায় উঠতে দেয় না, সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো।’

​চরম আতঙ্ক ও হতাশা প্রকাশ করে নাসরীন বলেন, ‘আমি আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিটা মুহূর্ত কাটছে মৃত্যুভয়ে। একজন নারী হিসেবে স্বাধীনভাবে বেঁচে থাকা ও ব্যবসা করে দু'মুঠো ভাত খাওয়ার অধিকারটুকুও কি আমি পাবো না?’ তিনি রেস্টুরেন্ট ভাঙচুর ও তার ওপর চলা জুলুমের সুষ্ঠু বিচার দাবি করেন এবং নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানান।

এসএস