নেত্রকোণায় পাহাড়ে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে হুমায়ুনসহ ছয় বন্ধু কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে ঘুরতে আসেন। দুপুরের পর চন্দ্রডিঙ্গা এলাকা থেকে ফেরার পথে প্রধান সড়কে ওঠার ঠিক আগমুহূর্তে হুমায়ুন মোটরসাইকেল থেকে পড়ে যায়।

পরে পেছনে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহতের বন্ধু আবু সাঈদ সোহান বলেন, ‘আমরা ছয় বন্ধু মিলে আজ পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এলাকায় পাহাড়ে ঘুরতে এসেছিলাম। ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাটি ঘটে।’

নালিতাবাড়ী থেকে হুমায়ুনের পরিবারের সদস্যরা কলমাকান্দার উদ্দেশে রওনা হয়েছেন। তারা এলে মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি সজল সরকার বলেন, ‘প্রাথমিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এসএস