আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলোচিত এই হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা খুনের ঘটনায় অভিযুক্ত নাঈমের বাড়িতে চড়াও হয়। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ হয় বেশ কয়েকজন তাৎক্ষণিক উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
আহতরা হলেন— সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাব্বির, সাফু, রনি, মনির, মজিবর, মুন্নি এবং নলদহ গ্রামের শাকিল ও সাব্বির। পাবনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. কলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’





