ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫

দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস | ছবি: সংগৃহীত
1

গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার দিনে ঘটে গেলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জেলার ঢাকা-খুলনা মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) দুপুরে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠায়। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।’

ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে রয়েছে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং ৩ জন পুরুষ।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

জানা যায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসএইচ