ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা আহত হয়েছেন আরও দুইজন। গতকাল (মঙ্গলবার, ২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী ইমরান শরীফ (২৩) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এসময় গুরুতর আহত সাইফুল মোল্লা (২২) নামের আরেক যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আহত অন্য দুই জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মামুন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস