প্রথম জামায়াতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ সরকার বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
প্রথম জামায়াতের শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
ঈদের নামাজ উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে মুসল্লিগণ জড়ো হতে থাকেন ষাটগম্বুজ মসজিদে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ।
প্রতিটি জামাত শেষে ইমামগণ সারাবিশ্বে মুসলিম উম্মাহর শান্তি, সম্মৃদ্ধি কামনা করেন। সেই সঙ্গে বাংলাদেশ হাম রোগ ও ধর্ষকদের কবল থেকে শিশুদের রক্ষার জন্য মহান রবের কাছে দোয়া করেন মুসল্লিরা।
আরও পড়ুন:
এদিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ মসজিদে মুসল্লীরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো মসজিদ কমপ্লেক্স। আনসার, পুলিশ, টুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন নিরাপত্তার জন্য।
ঈদের নামাজ শেষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, ঈদুল আজহা ত্যাগ ও মহিমার শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ঈদ শুধু আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়। তিনি আরও বলেন, ‘আজ যখন আমরা ঈদে আনন্দ করছি বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম উম্মাহ আজ নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছে। ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে সব সমস্যা মোকাবেলা করতে হবে।’
পাশাপাশি প্রবাসে পরিবার-পরিজন থেকে দূরে থেকে ঈদ উদযাপন করা প্রবাসীদের প্রতিও সম্মান ও শ্রদ্ধা জানান তিনি।
এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার-দরহা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।




