ঝড়ে ঘর হারানো মনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিলেন ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকারের উপহার দেয়া সেই নতুন ঘর
ডেপুটি স্পিকারের উপহার দেয়া সেই নতুন ঘর | ছবি: এখন টিভি
0

আসন্ন ঈদুল আজহার আগেই মাথা গোঁজার নতুন ঠাঁই পেলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের ঘরহারা অসহায় মনোয়ারা বেগম। কালবৈশাখি ঝড়ে সব হারিয়ে নিঃস্ব হওয়া এ নারীর পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের হাতে তুলে দেয়া হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল নেত্রকোণার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখি ঝড়ে বড়খাপন গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের একমাত্র বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। অসহায় এ নারীর দুঃখ-দুর্দশার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে ডেপুটি স্পিকারের।

পরে ডেপুটি স্পিকার তাৎক্ষণিকভাবে মনোয়ারা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের দায়িত্ব নেন।

আরও পড়ুন:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে ঘরটির নির্মাণকাজ শেষ করা হয়। এ দিন ঘর হস্তান্তরের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঈদের আগে নতুন ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মনোয়ারা বেগম। তিনি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা ডেপুটি স্পিকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উপহার শুধু একটি ঘর নয়, বরং ঈদের আগে এক অসহায় মায়ের মুখে স্থায়ী হাসি ফোটানোর এক অনন্য দৃষ্টান্ত।

এসএইচ