নতুন মৌসুমে দল গোছালেও কোচের অপেক্ষায় মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ছবি : সংগৃহীত
0

নতুন মৌসুম শুরুর জন্য হাতে গুণে মাত্র দিন দশেক বাকি। এরমধ্যে দলবদলের বাজারে সাদ, ফাহিম ইমনদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল করলেও এখনও কোচই ঠিক করতে পারেনি মোহামেডান ফুটবল ক্লাব। তবে শিগগিরই সাদা কালো শিবিরের জন্য কোচ নির্বাচন করা হবে বলে জানান মোহামেডান ফুটবল দলের টিম লিডার আমিরুল বাবু।

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে খুব বেশি সময় হাতে নেই ক্লাবগুলোর। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের নতুন ফুটবল মৌসুমের জন্য পুরোদমে শুরু করেছে প্রস্তুতি।

প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর ফিফার নিষেধাজ্ঞা জটিলতার সুযোগ কাজে লাগিয়ে এবার দলবদলের বাজারে বাজিমাত করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে দলে ভিড়িয়েছে সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমনের মতো জাতীয় দলের পাঁচ তারকা ফুটবলারকে। এছাড়া, ক্লাবের বিদেশি ফুটবলারদের মধ্য অন্যতম মোজাফফরাভকে এই মৌসুমের জন্য ধরে রেখেছে সাদা কালো শিবির।

মোহামেডান ফুটবল ক্লাবের টিম লিডার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘মোহামেডান ক্লাবের ইতিহাসে বিগত দিন আমাদের মনেম মুন্না, কায়সার হামিদ, সাব্বির ওরা যে টাকা পেয়েছে, তার চেয়ে কিন্তু এখন মান কমেনি। আমরা বসুন্ধরা ক্লাব থেকে যে খেলোয়াড়দেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি, আমার লাইফে কোনো খেলোয়াড়কে এইভাবে আমরা টাকা দিয়ে নিয়ে আসা হয়নি।

আরও পড়ুন:

তবে মৌসুম শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও পর্যন্ত কোচ নিয়োগের পরিকল্পনাতেই ব্যস্ত ক্লাব কর্তারা। নিশ্চিত করে নাম বলতেও দ্বিধা তাদের। তাতে খেলোয়াড়দের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষ।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বিদেশি কোচ তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিগত দিনের কোচ ছিলো। তাদেরকে নিয়ে আমাদের কথাবার্তা চলছে। আমরা আশা করি যদি তাদের সঙ্গে কনফার্ম হয়ে যায়, আপনাদের কাছে আমরা ছেড়ে দেব।’

মোহামেডান ফুটবল ক্লাবের খেলোয়াড় শাকিল আহাদ তপু বলেন, ‘লিগ শুরু হলে আমাদের প্রি-সিজনে কষ্ট কম হয়। একটা ভালো পরামর্শ পাওয়া যায়। দেখা যাক, অফিশিয়ালরা বলছে ভালো একটা কোচ আনবে।’

এদিকে, ফিফার নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংস এবং আবাহনীর মতো দুই বড় ক্লাবের মাঠে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তাতে জায়ান্ট দুই ক্লাবের অনুপস্থিতিতে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বি তাপূর্ণ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন দর্শকরা, বলেন ফুটবলার তপু।

তপু বলেন, ‘দুইটি টিম থাকলে আমরা ফাইট করতে পারব। কারণ ওরাও অনেক স্ট্রং টিম। আমাদের লেভেলে বা এরকম টিমগুলো যদি থাকে, তাহলে লিগটাও ভালো জমজমাট হবে এবং খেলাটাও অনেক ফাইট হবে।’

এদিকে, ২১ আগস্ট থেকে শুরু হওয়া মৌসুমের জন্য মাঠের অনুশীলন শেষে নিজেরদের কতটা প্রস্তুত করতে পারে মোহামেডানের খেলোয়াড়রা,সেটাই দেখার বিষয়।

এফএস