কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বকুল হোসেন(৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শনিবার, ২৩ মে) সকালে উপজেলার আড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের চাচা কলেজ শিক্ষক জালাল উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার সমর্থকরা বাড়িতে ঢুকে বকুল হোসেনের ওপর হামলা চালায়। এসময় পিস্তল থেকে ছোড়া গুলি তার পেটে লাগে এবং ধারালো অস্ত্র দিয়েও কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরিবার উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেছিলেন। অন্যদিকে, ওই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন নুরুজ্জামান হাবলু মোল্লা। সেই রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। তবে অভিযোগের বিষয়ে নুরুজ্জামান হাবলু মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, কে বা কারা গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত বকুল হোসেনের জবানবন্দী নেওয়া সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ইএ