নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া দুইজন
গ্রেপ্তার হওয়া দুইজন | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এসময় এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। র‍্যাব-১১ থেকে গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ মে ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকার গিরিধারা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। আটকরা হলেন— শাহাবুদ্দিন (৪২) এবং মো. সুমন মিয়া (৩৫)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক অনুসন্ধান ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এদিকে একই দিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস