বরগুনায় ১ কোটি টাকার ২৩ লাখ অবৈধ বাগদা রেণু পোনা জব্দ

বাগদা রেণু পোনা
বাগদা রেণু পোনা | ছবি: এখন টিভি
0

বরগুনায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের প্রায় ২৩ লাখ অবৈধ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) দিনগত রাত ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরগুনা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা পৌর বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গভীর রাতে পৌর বাস টার্মিনাল এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক দুটি থেকে ২২৭টি ড্রামে ভর্তি আনুমানিক ২৩ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। অবৈধভাবে রেণু পরিবহনের দায়ে দুই ট্রাকের চালককে আটক করেছে প্রশাসন।

আরও পড়ুন:

পরবর্তীতে সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনাগুলো বরগুনা সদরের বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রাকৃতিক উৎস থেকে এভাবে রেণু পোনা ধরা সম্পূর্ণ অবৈধ। এতে নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার জেলার তালতলীর ছোটবগী এলাকা থেকেও অভিযান চালিয়ে ৬ লাখ অবৈধ রেণু পোনা জব্দ করা হয়েছিল। পরে সেগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

এফএস