জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করবে সিটি করপোরেশন: মসিক প্রশাসক

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ নগরীতে ৪০টি বস্তি রয়েছে। বস্তিতে বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছেন। বস্তিতে এক জগ সাপ্লাই পানি ভরতে ২৯ মিনিট লাগে। জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন। এসব কথা বলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

আজ (বুধবার, ২০ মে) দুপুরে দায়িত্ব নেয়ার ৬০দিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুকুনোজ্জামান সরকার বলেন, ‘পানি সমস্যা দূর করতে ১০টি সাবমারসিবল পানির পাম্প স্থাপন করে দিয়েছে সিটি করপোরেশন। পর্যায়ক্রমে সব বস্তিতেই সাবমারসিবল পানির পাম্প করে দেয়া হবে। ঈদে ৭০০ পরিবারকে ঢেউটিন এবং প্রায় স্বাস্থ্য কার্ড দেয়া প্রায় পাঁচ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দেবে সিটি করপোরেশন।’

তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ক্রাশ প্রোগ্রামের ফল বৃষ্টির পানি আধাঘণ্টার মধ্যে নেমে গেছে। আকুয়া খালসহ্য অন্যান্য খালের নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।’

আরও পড়ুন:

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে মসিক প্রশাসক বলেন, ‘যেখানে সিটি করপোরেশনের কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই সেখানে শুভেচ্ছা বিজ্ঞাপন দিয়ে টাকা খরচের আপাতত কোনো সুযোগ নেই।’

মসজিদ, মন্দির, শ্মশান, গোরস্থান সব জায়গায় সমহারে উন্নয়নমূলক কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সব সম্পদ উদ্ধার করা হবে। কারো দখলে থাকতে দেয়া হবে না।’

এজন্য সাংবাদিক ও নগরবাসীর সহায়তা চান তিনি।

মতবিনিময় সভায় সিটি করপোরেশনের ঊর্দ্ধতন কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসএস