পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

মিরপুর টেস্টের দাপট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও ধরে রাখলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে অনন্য এক ইতিহাস গড়লো টাইগাররা। এ জয়ের ফলে টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিলো ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট। পঞ্চম দিনের প্রথম সেশনে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে অর্ধশতকের জুটি গড়ে সফরকারীদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে সেই প্রতিরোধ ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সাজিদ খানকে (২৮) আউট করার মাধ্যমে সাজঘরে ফেরান তাইজুল, যা ছিল এই ইনিংসে তার পঞ্চম উইকেট (ফাইফার)। এর আগে দিনের শুরুতে নাহিদ রানার বলে রিজওয়ানের ক্যাচ স্লিপে মেহেদী হাসান মিরাজ মিস করলেও শেষ পর্যন্ত তা বড় কোনো বিপর্যয় ডেকে আনেনি। পাকিস্তানের ইনিংস থামে ৩৫৮ রানে।

সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেও শতকের দেখা পাননি পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শরিফুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯৪ রানে থামেন তিনি। ১৬৬ বলের ইনিংসে ১০টি চার মেরেছেন রিজওয়ান।

অন্যদিকে, খুররাম শেহজাদ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আর মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন শূন্য রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া নাহিদ রানা নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তান বধে ঐতিহাসিক এই সাফল্য ছিনিয়ে আনলো নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেও জয় পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে সিরিজ জয় দেশের টেস্ট ক্রিকেটে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

এনএইচ