সংসদ নির্বাচনে যারা ইসির নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার হবে: পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: সংগৃহীত
0

সংসদ নির্বাচনে যারা ইসির নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে ইটিআই ভবনে আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে ৫ থেকে ৬ হাজার লোক নিয়েছিলো, আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসতো। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়তো।

‘আমি শুধু একটা কারণে সরে আসছি যে, যদি ওই হাসপাতালে গিয়ে কোনো বাবার ছেলে মারা যেতো, আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না। তো ইনশাআল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে, এই নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে করবো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কীভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেটা এ বাংলাদেশ দেখেছে।’

এছাড়া আরেকটা গণঅভ্যুত্থান হলে প্রথমেই এই নির্বাচন কমিশনকে আপাদমস্তক পরিবর্তন করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

এসএইচ