ইরানে যুদ্ধ চালাতে কংগ্রেসের অনুমোদনের প্রস্তাব আটকে দিলো রিপাবলিকানরা

মার্কিন ক্যাপিটল হিল
মার্কিন ক্যাপিটল হিল | ছবি: রয়টার্স
0

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করতে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। তবে রিপাবলিকান দলের তিনজন সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়ায় এটি পাসের সম্ভাবনা কিছুটা বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার সিনেটে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবটি এগিয়ে নেয়ার বিপক্ষে ৫০টি ও পক্ষে ৪৯টি ভোট পড়ে। ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলির আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন রিপাবলিকান দলের তিন সদস্য। অন্যদিকে ডেমোক্র্যাট দলের একজন বাদে সবাই প্রস্তাবটির পক্ষে ছিলেন।

এ নিয়ে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরা সপ্তমবারের মতো এ ধরনের প্রস্তাব আটকে দিলেন। রিপাবলিকান সদস্য র‍্যান্ড পল, সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি প্রস্তাবটি এগিয়ে নেয়ার পক্ষে ভোট দেন। আর ডেমোক্র্যাট সদস্য জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটি আটকে দেন।

১৯৭৩ সালের মার্কিন যুদ্ধক্ষমতা আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল ৬০ দিনের জন্য সামরিক পদক্ষেপ নিতে পারেন। এরপর তাকে তা বন্ধ করতে হবে অথবা কংগ্রেসের অনুমোদন নিতে হবে। গত ১ মে ইরানে যুদ্ধ পরিচালনার বিষয়ে কংগ্রেসকে জানানোর সেই ৬০ দিনের সময়সীমা শেষ হয়। তখন ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধবিরতির কারণে ইরানের বিরুদ্ধে সংঘাতের ‘অবসান’ হয়েছে।

তবে ডেমোক্র্যাটদের দাবি, সংঘাত এখনো চলছে। ভোটাভুটির আগে জেফ মার্কলি সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধের শত্রুতা এখনো থামেনি।’ ইরানি বন্দরে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজের ওপর ইরানের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষই এখনো সংঘাতে জড়িত। তাই ৬০ দিনের সময়সীমা স্থগিত হওয়ার বিষয়টি তিনি মানেন না।

মার্কলি ও অন্য ডেমোক্র্যাট সিনেটররা জানিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বা ট্রাম্প কংগ্রেসের অনুমোদন না নেয়া পর্যন্ত প্রতি সপ্তাহে তারা এমন প্রস্তাব তুলবেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা শুধু কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। তবে রিপাবলিকানদের দাবি, প্রধান সেনাপতি হিসেবে দেশকে রক্ষায় ট্রাম্পের সীমিত সামরিক অভিযানের নির্দেশ দেয়াটা পুরোপুরি বৈধ।

এএম