নিজের আসন ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত
0

নিজের নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে মমতার সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসন থেকেই বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভবনে ৫ মন্ত্রীসহ অন্যান্য বিধায়কদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী স্পিকার তাপস রায়। বুধবার দুই পর্বে সবমিলিয়ে ১৪৩ জন বিধায়কের শপথ নেয়ার কথা রয়েছে। বাকিদের শপথ বৃহস্পতিবার। আগামী শুক্রবার নির্বাচন হবে বিধানসভার স্পিকার পদে।

এভাবেই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করার পরই তা রীতিমতো ভাইরাল। শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে পূজা করে পুরোহিত নিয়েই বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী।

বিধানসভায় তাকে স্বাগত জানান অস্থায়ী স্পিকার তাপস রায়। এর আগে প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভারতের সংবিধানের জনক বিআর অম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিধানসভার নিজ কক্ষে যান শুভেন্দু অধিকারী।

এরপর অধিবেশন কক্ষে প্রথম বিধায়ক হিসাবে শপথ ভবানীপুর আসনের হয়ে শপথ নেন শুভেন্দু। তিনি দুটি আসনে জিতলেও, নিজ আসন নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন। ধরে রেখেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসনটি।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রীর পরই একে একে শপথ নেন পাঁচ মন্ত্রী- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এরপর অন্যান্য জেলার বিজয়ী বিধায়করা শপথগ্রহণ করেন। বুধবার উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদসহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৪৩ জন বিধায়ক শপথ নিচ্ছেন। আগামী বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূমসহ বাকি জেলার বিজয়ী বিধায়করা শপথ নেবেন।

সাধারণত বিধানসভার অস্থায়ী স্পিকার হিসেবে রাজ্যের প্রবীণ সংসদ সদস্যকে বেছে নেয়া হয়। মঙ্গলবার এই অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেন বিজেপি বিধায়ক তাপস রায়। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার দায়িত্ব সামলাবেন। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে স্থায়ী স্পিকার নির্বাচনের ভোট। যেখানে নবনির্বাচিত বিধায়কদের ভোটে বেছে নেয়া হবে নতুন স্পিকার। এই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন অস্থায়ী স্পিকার তাপস রায়।

এফএস