নোয়াখালীতে বিনা নোটিশে চাকুরিচ্যুতের প্রতিবাদে পাওয়ারপ্ল্যান্ট কর্মকর্তাদের বিক্ষোভ

পাওয়ারপ্ল্যান্ট কর্মকর্তাদের বিক্ষোভ
পাওয়ারপ্ল্যান্ট কর্মকর্তাদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

নোয়াখালীতে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিকেল পৌনে ৪টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এ ঘটনা ঘটে। এসময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ থাকে।

আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে বিক্ষুব্ধদের উঠিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা জানান, প্ল্যান্টে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ না করা, বি না নোটিশে শ্রমিক আইন না মেনে শ্রমিক ছাঁটাই, চিকিৎসার অভাবে নিহত শ্রমিকে পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ প্ল্যান্টের অন্যান্য সুযোগ সুবিধাদি নিশ্চিত করার জন্যই তারা সড়ক অবরোধ করেছেন।

তারা আরও জানান, বৃহস্পতিবার সকালে প্ল্যান্টের গেইটে আসলে তারা জানতে পারেন, কোনোরকম পূর্ব নোটিশ ছাড়াই দু’জন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

বেতন ভাতাদি নিয়মিতকরণসহ অবৈধভাবে চাকুরিচ্যুতদের পুনরায় চাকুরিতে ফিরিয়ে না দিলে প্ল্যান্ট শাটডাউনসহ বড় ধরনের কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানান তারা।

বিক্ষোভকারীদের মধ্যে শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী বলেন, ‘সকালে প্লান্টে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান আমাকে চাকরিতে অব্যাহতিপত্র প্রদান করে। অথচ এর আগে আমাকে কোনো নোটিশ করা হয় নাই।’

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ বলেন, ‘আমাদের প্ল্যান্ট থেকে আমাদের নিয়মিত বেতন ভাতা না দেয়ায় আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।’

প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন বলেন, ‘আমাদের ঢাকা অফিস থেকে আজ সকালে আমার কাছে ছয়জন স্টাফের অব্যাহতি পত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাহিরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘প্ল্যান্টের স্টাফদের বেতন ভাতা, ইনক্রিমেট বৈষম্য নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে। আমরা এখানে প্ল্যান্টের ইনচার্জকে বলেছি মালিক পক্ষের সঙ্গে যাতে কথা বলে বিষয়গুলোর সমাধান করে।’

এসএস