নাটোরে আদালত চত্বরে সাবেক বৈছাআ নেতার ওপর হামলা

বৈছাআ নেতা সুব্রত দেব
বৈছাআ নেতা সুব্রত দেব | ছবি: সংগৃহীত
0

নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির বর্তমান কমিটি, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দুপুরে নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুব্রত দেব নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলার শিকার সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলার আসামি করা হয়।

ওই মামলায় আটক হওয়ার পর গত সোমবার (২৭ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০ থেকে ১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।

আরও পড়ুন:

সেখানে তার ওপর হামলা চালায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, ‘এখানে বৈষম্য বিরোধীর কেউ জড়িত নাই। ছাত্রশক্তির জেলার আহ্বায়ককে পরশুদিন রাতে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা হলে সে মামলায় সুব্রত জেল থেকে বের হয়। এটি মূলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্য বিরোধী কেউ জড়িত না।’

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএস