ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন, না মানার ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

পরমাণু ইস্যুকে বাদ দিয়ে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন। যদিও এরই মধ্যে প্রস্তাবটি না মানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া আলোচনা শুরুর নতুন প্রস্তাব তেহরানের বিবেচনায় আছে। তবে জাতিসংঘের সমুদ্র আইন মানতে নারাজ ইসলামি প্রজাতন্ত্র। অন্যদিকে হরমুজ নিয়ে অচলাবস্থা না কাটলে বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব।

কখনও তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের মাটিতে হস্তান্তর কিংবা হরমুজসহ ইরানের জলসীমায় পেন্টাগনের দাদাগিরি- ট্রাম্পের জটিল সমীকরণে বারবার মধ্যস্থতার উদ্যোগ নিলেও ভেস্তে যাচ্ছে কাঙ্ক্ষিত শান্তিচুক্তি।

সোমবার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিন দফার শান্তি প্রস্তাব পাঠায় তেহরান। যে পরমাণু কর্মসূচির প্রতি শুরু থেকেই তীক্ষ্ণ নজর ট্রাম্প প্রশাসনের, সেই ইস্যুটিকে আপাতত যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত করতে চাচ্ছে না খামেনি প্রশাসন। বরং এটিকে পাশ কাটিয়ে ইরান ও লেবাননে সম্পূর্ণরূপে হামলা বন্ধ ও ইরানের নৌবন্দরের ওপর থেকে অবরোধ তুলে না নেয়ার মতো ইস্যুগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে।

ট্রাম্প প্রস্তাবগুলোকে পর্যালোচনা করছে বলে মার্কিন মুলুকের খবর কিছুটা স্বস্তি দিলেও, সিএনএনসহ একাধিক গণমাধ্যম বলছে, ইরানের নতুন প্রস্তাবে নাখোশ প্রেসিডেন্ট। এ নিয়ে সোমবার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনো সমাধানে না পৌঁছে যুক্তরাষ্ট্র হরমুজ সচল করতে চায় না বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

আরও পড়ুন:

আর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হরমুজকে অর্থনৈতিক পরমাণু অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে শুরুতে প্রাধান্য দিতে চাই। কিন্তু খামেনি প্রশাসন হরমুজকে অর্থনৈতিক পরমাণু অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশ্বকে জিম্মি করছে।’

এদিকে সেন্ট পিটার্সবাগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আরাঘচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পুনরায় আলোচনায় ফেরার প্রস্তাব বিবেচনা করছে তেহরান। প্রস্তাবটি মস্কোর কাছ থেকে এসেছে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে পুতিন-আরাঘচি বৈঠকের পর যুদ্ধবিরতির মঞ্চে নতুন করে আরেকবার স্পষ্ট হলো মস্কোর নাম।

অন্যদিকে স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ইরানের জনগণের লড়াই করে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন পুতিন। এছাড়াও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার কথা জানান।

কূটনৈতিক দরকষাকষির মাঝেও হরমুজসহ ইরানের নৌবন্দরে জারি রয়েছে মার্কিন অবরোধ। নতুন করে ইরানগামী ‘এমটি স্ট্রিম’ নামের একটি জাহাজ আটকের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড।

অন্যদিকে হরমুজে চলমান স্থবিরতা শুধু জ্বালানি নয়, বিশ্বব্যাপী খাদ্য সংকট ভয়াবহ আকারে বাড়াবে বলে আগাম শঙ্কা জাতিসংঘ মহাসচিবের।

এসএস