দেশের মাটিতে শেষ অনুশীলন; আলোচনায় মেসির আবেগতাড়িত ছবি

মেসির আবেগতাড়িত ছবি
মেসির আবেগতাড়িত ছবি | ছবি: সংগৃহীত
1

দেশের মাটিতে নিজের শেষ অনুশীলন। সতীর্থরা বল নিয়ে ব্যস্ত হয়ে থাকলেও লিওনেল মেসিকে অনেকটা সময় দেখা গেল বিষণ্ণ, উদাসীন অবস্থায়। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ফটোগ্রাফারদের কল্যাণে মেসির আবেগতাড়িত ছবিগুলো আলোচনা শুরু করেছে ফুটবলের দুনিয়ায়।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে নামবেন লিওনেল মেসি। বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখন পর্যন্ত অনিশ্চিতই। প্রতিটা ম্যাচেই তিনি খেলতে নামছেন শেষ ম্যাচের আবহ নিয়ে। তবে মেসি আর্জেন্টিনায় আর খেলছেন না, সেটা অনেকটাই নিশ্চিত। যে কারণে তার বিদায়ে জমকালো আয়োজনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

অবশ্য বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, সেই সিদ্ধান্ত না আসায় চাপ অনুভব করছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। জানালেন, মেসি চাইলেই নিজের সিদ্ধান্তের জন্য সময় নিতে পারেন।

আরও পড়ুন:

আর্জেন্টাইন ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি খেলতে চায়, এই নিয়ে সন্দেহ নেই। আমরা সবাই তা জানি । তবে আমার মনে হয় 'নিজের খেলা নিয়ে আমিই সিদ্ধান্ত নিতে চাই' এটা বলার অধিকার সে অর্জন করেছে। যেহেতু মেসি বিশ্বকাপ জিতে ফেলেছে, তার এখন সময়টা উপভোগ করা উচিত। কারণ কেবল আর্জেন্টাইনরাই তার খেলা দেখতে চায়, এমন না । পুরো বিশ্বই তাকে খেলতে বা অনুশীলনে দেখতে চায়। আমরাও সেটাই চাইছি।’

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকছেন মেসি, তা এরইমাঝে নিশ্চিত করেছেন লিওনেল স্কালোনি। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোরে।

এফএস