কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট মৃত ‘বেলিন তিমি’

ভেসে আসা মৃত ‘বেলিন তিমি’
ভেসে আসা মৃত ‘বেলিন তিমি’ | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর কুয়াকাটার কাউয়ার চর সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্য আর ১৮ ফুট প্রস্থের আরও একটি মৃত বেলিন প্রজাতির তিমি।

আজ (সোমবার, ২৯ জুন) শেষ বিকেলে সৈকতের কাউচার পয়েন্টে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিমি উদ্ধারের চেষ্টা করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।

উপরার যুগ্ন-আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘আমাদের ধারণা, অর্ধগলিত এ তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে।’

আরও পড়ুন:

উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ‘এর আগে গত ৩ জুন দুপুরে ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিলো। সেটিও উদ্ধার করে আমরা মাটি চাপা দিয়েছি। তবে ঘন ঘন সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়ে আসছি সরকারের কাছে।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘মৃত তিমিটি মাটিচাপা দেয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে।’

এসএইচ