সংবিধান সংশোধনে সবাইকে নিয়ে ‘সংসদীয় বিশেষ কমিটি’ গঠনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদে থাকা সব রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি ‘সংসদীয় বিশেষকমিটি’ গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিধি-৬২-এর ওপর আলোচনায় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে, আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধানের সংশোধনী আনতে চাই। জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কারের জন্য একটা বিশেষ কমিটি গঠন ও যাচাই-বাছাই শেষে বিল আকারে আইনে পরিণত করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করতে চাই। সরকারদলীয় নেতার অনুমতিক্রমে আমি এ মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’

আরও পড়ুন:

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানান এই বিএনপি নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওই কমিটিতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাব এবং জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই সংসদে উত্থাপন করবো। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল— সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনি।’

এফএস