পাবনায় হামের প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি ২৫ রোগী, বেশিরভাগই শিশু

হাসপাতালে ভর্তি শিশু পাশে স্বজনেরা
হাসপাতালে ভর্তি শিশু পাশে স্বজনেরা | ছবি: এখন টিভি
0

পাবনায় বেড়েছে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বেড়েছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আজ (সোমবার, ৩০মার্চ) সরজমিনে গিয়ে দেখা গেছে পাবনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন। তবে এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। আড়াইশো শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জন। আর গত সাতদিনে জেলায় ২৫ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া গত ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৮ জন। অন্যদিকে, বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫ জন রোগীর মধ্যে ৩ থেকে ১২ মাস বয়সী শিশু রয়েছে ২৫ জন।

আর মেডিসিন ওয়ার্ডে ভর্তি দু’জন যুবকের মধ্যে একজনের বয়স ২২ বছর অন্যজনের বয়স ৩২ বছর।

হাসপাতালের শিশু ওয়ার্ডে যেতে মেঝেতে রোগীতে ঠাসা। পায়ে হেঁটে যাবার উপায় নেই। শিশু ওয়ার্ডে একেকটি শয্যায় দুইজন তিনজন করে ভর্তি। ওয়ার্ডের বারান্দায় একটি কাঁচঘেরা কক্ষে হামে আক্রান্ত শিশুরা চিকিৎসাধীন। সেখানেও একেকটি শয্যায় দুইজন করে, মেঝেতে চারজন শিশু চিকিৎসাধীন।

আরও পড়ুন:

পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের গৃহবধূ স্মৃতি খাতুন তার চার মাস বয়সী মেয়ে শিশুকে গত ২৬ মার্চ হাসপাতালে ভর্তি করেছেন। এখনও সুস্থ হয়নি তার সন্তান।

তিনি জানান, তার মেয়ের প্রথমে ঠান্ডা জ্বর আসে। তারপর শরীরে মুখে লাল গুটি গুটি বের হয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে। বিছানায় ঘুমাতে পারে না। এমন অবস্থায় তারা হাসপাতালে এসে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়েছে। পরে পরীক্ষা করে তাদের হাম সনাক্ত করেছে চিকিৎসকরা।

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান বলেন, ‘এটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। শিশুসহ যেকোনো বয়সী মানুষের হাম হতে পারে। আপাতত ভর্তিকৃত রোগীদের চিকিৎসা দেয়ায় কোনো সংকট নেই।’

রোগীর স্বজনদের অভিযোগ বিষয়ে সহকারী পরিচালক বলেন, ‘৩৮ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকে ২০০ রোগীর ওপরে। আমাদের তো ওই ৩৮ শয্যার ওষুধ সরবরাহ করা হয়। এক্ষেত্রে কিছু সংকটতো থেকে যায়।’

তবে হামের জন্য নতুন করে একটি ওয়ার্ড চালুর কথাও জানান তিনি। হামের টিকা নেয়ার পরও কেন, কী কারণে হঠাৎ করে হামের এমন প্রাদুর্ভাব বেড়েছে সে বিষয়টি স্বাস্থ্য বিভাগের তদন্ত করে দেখা দরকার বলে মনে করেন এই চিকিৎসক।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই চারজন করে হামের রোগী ভর্তি হচ্ছে। যে কারণে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৯ মাস বা তার কম বয়সী শিশু রোগীর সংখ্যাই বেশি। যেহেতু ৯ মাস বয়সে হামের টিকা দেয়ার পরও নতুন করে হামে আক্রান্ত হচ্ছে এ বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে।’

এফএস