মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে চঞ্চলতা। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) হেড কোচ ফিল সিমন্সের অধীনে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যেখানে জাতীয় দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড়দের পাশাপাশি একঝাঁক নতুন মুখও অংশ নিয়েছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে এ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি।
ক্যাম্পে সিনিয়র সহকারী, ব্যাটিং ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টসহ পুরো কোচিং স্টাফ ছিলেন। ফিটনেস এবং ফিল্ডিংয়ের ওপর গুরুত্ব দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ঝালিয়ে নেয়া। আগামী কয়েক দিনের মধ্যে মূল স্কিল ট্রেনিং শুরু হবে বলে কোচিং স্টাফরা জানিয়েছেন।
আরও পড়ুন:
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে কিউইদের বিপক্ষে। স্কোয়াডের গভীরতা বাড়াতে নির্বাচকরা অভিজ্ঞদের পাশাপাশি ঘরোয়া লিগের পারফরমারদেরও ডেকেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহরাব হাসান ও আব্দুল গাফফার সাকলাইন।
এছাড়া এনসিএলে ২৭ উইকেট নেয়া বাঁহাতি পেসার রুয়েল মিয়াসহ জাকির হাসান ও অমিত হাসানের মতো তরুণদের নিয়ে নির্বাচকরা বড় পরিকল্পনা করছেন। ইনজুরিতে থাকা তানজিম হাসান সাকিব ও মাহমুদুল হাসান জয় এই ক্যাম্পের মাধ্যমে দলে ফিরেছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল গত বুধবারেই জানিয়েছিলেন যে, আয়োজক দেশের কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে চলবে তোড়জোড় অনুশীলন।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমরা চিন্তা করছি ম্যাচ বাই ম্যাচ ভালো করার। আর পাকিস্তান সিরিজের সময় যে পিচে আমরা খেলেছি তা ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করেই বানানো। যাতে করে আমরা ২০২৭ সালে বিশ্বকাপে ভালো করতে পারি।’
২০২৭ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতের যাত্রাটা শুরু হয়ে গেলো টাইগারদের। সিরিজ, এরপর সিরিজ কতটা নিজেদের শানিত করবে পারে মিরাজ-শান্তরা, সেটিই এখন দেখার বিষয়।





