ইরান যুদ্ধের ১৭তম দিন: হামলা-পাল্টা হামলায় তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা

ধ্বংস হওয়া ইরানের ভবন
ধ্বংস হওয়া ইরানের ভবন | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধের ১৭তম দিনে হামলা-পাল্টা হামলায় আরও তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা। ড্রোন হামলায় দুবাইয়ে জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। শক্তিশালী সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলার মাত্রা বাড়ানোর দাবি আইআরজিসির। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরান ট্রাম্পের দাবি উড়িয়ে দেয়ার পর সুর পাল্টালেন ট্রাম্প।

যুদ্ধের ১৭তম দিনেও ইরানে মুহুর্মুহু বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় তেহরানে রেড ক্রিসেন্টের একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের ড্রোন কারখানাগুলোতে আক্রমণ চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আইআরজিসি জানিয়েছে, ইরানের সব অস্ত্র ভাণ্ডারই অক্ষত আছে।

পাল্টা আক্রমণসহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুদের হামলা প্রতিহত করার দাবি করেছে তেহরান। আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত সক্ষম সুপারসনিক ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলকে নিশানা করেছে ইরান। শক্তিশালী ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের চেয়েও ১৩ গুণ বেশি। এরচেয়েও অত্যাধুনিক অস্ত্র মজুত আছে, যা এখনো বের করা হয়নি বলে হুঁশিয়ার করেছে ইরান।

আরও পড়ুন:

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সড়ক ও টানেল। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব ও কুয়েত। ইরাকে শোনা গেছে একের পর এক বিস্ফোরণের শব্দ। এদিকে বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলার জের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম -এর সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এদিকে ইসরাইল-অনুমোদিত মিডিয়া ইরান ইন্টারন্যাশনালের কাছে তথ্য পাচারের অভিযোগে অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। এর আগে শত্রুদেরকে তথ্য দেয়ার জন্য অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে তেহরান যুদ্ধবিরতি আলোচনা চায় বলে ট্রাম্পের করা দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এবার সাংবাদিকদের প্রশ্নের জবাব সুর পাল্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলছে কিন্তু তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিতে ব্যর্থ হলে; ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে হিজবুল্লাহকে লক্ষ্য লেবাননে বিমান হামলা ছাড়াও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইলি বাহিনী। এরইমধ্যে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপরও হামলার ঘটনা ঘটেছে।

এসএস