খামেনিকে হত্যার পর এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকেও হত্যার হুমকি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। এমনকি এরই মধ্যেই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরও হত্যার দাবি করেন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং শাসকগোষ্ঠীর ক্ষমতার কেন্দ্রসহ আরও অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করছি। একই সঙ্গে আমরা আরেকটি লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি, তা হলো ইরানি জনগণের জন্য এমন পরিস্থিতি তৈরি করা; যাতে তারা প্রায় অর্ধ শতাব্দীর নিপীড়নকারী নিষ্ঠুর শাসনব্যবস্থাকে অপসারণ করতে পারে।’
আরও পড়ুন:
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে একই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমরা ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ধ্বংস করে দেয়া হবে। এরই মধ্যে নৌবাহিনী, বিমানবাহিনীসহ শীর্ষ নেতাদের পৃথিবীর পৃষ্ঠা থেকে মুছে ফেলা হয়েছে।’
পুরোপুরি লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রে কাছে অতুলনীয় অস্ত্র শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গতকাল দেয়া প্রথম ভাষণে শহিদদের রক্তের প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনি। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোকেও কড়া বার্তা দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা।
অন্যদিকে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলা হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি। তিনি বলেন, ‘ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা হলে, ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেয়া হবে।’





