হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানকে ২০ গুণ কঠোর আঘাত করার হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানের ওপর ‘মৃত্যু, আগুন ও ক্রোধে’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এরইমধ্যে যে আঘাত করা হয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে আঘাত করা হবে।’

গতকাল (সোমবার, ১০ মার্চ) চার বছরের মধ্যে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর এ হুমকি আসে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় ট্রাম্পকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি ‘অফ র‍্যাম্প’ খুঁজে বের করার পরামর্শ ব্যক্তিগতভাবে দিয়েছেন তার উপদেষ্টারা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যত দীর্ঘ সময় সামরিক অভিযান চালাবে, সংঘাত থেকে সহজে সরে আসার সম্ভাবনা তত কমে যাবে।

আরও পড়ুন:

গতকাল (সোমবার, ১০ মার্চ) রাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কিছুক্ষণ পর ট্রাম্প বলেন, ‘আমি মনে করি যুদ্ধটি সম্পূর্ণ হয়েছে।’ এতে শেয়ারবাজারে উত্থান দেখা যায় এবং তেলের দাম কমে আসে।

কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালির মধ্যে তেলের প্রবাহ বন্ধ করতে ইরান যদি কোনো কিছু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের এখন পর্যন্ত যত হামলা করেছে তার চেয়ে বিশ গুণ বেশি কঠোরভাবে হামলা চালাবে।’

তিনি আরও লেখেন, ‘এছাড়া আমরা ইরানের সহজেই ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুগুলোকে গুঁড়িয়ে দেব, যা ইরানকে একটি জাতি হিসেবে আবার গড়ে ওঠা কার্যত অসম্ভব করে তুলবে—তাদের ওপর মৃত্যু, আগুন ও ক্রোধ নেমে আসবে। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি, এমনটি যেন না ঘটে!’

জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি আমরা নির্ধারণ করব।’

এএম