আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পোশাক শিল্পের সংকটকালীন মুহূর্তে এ জরুরি ও সময়োপযোগী পদক্ষেপের জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের মালিকদের ওপর যখন শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের প্রবল চাপ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে এ অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য এক বড় স্বস্তি নিয়ে এসেছে।’
আরও পড়ুন:
উল্লেখ্য, বিজিএমইএ’র বর্তমান বোর্ড আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা ও বৈঠক করেছে এবং এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুততম সময়ের ২ হাজার ৫০০ কোটি টাকার এ তহবিল অনুমোদিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা— সর্বমোট ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাদের স্ব-স্ব লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে।





