Recent event

সুপ্রিমকোর্টের রায়ে শুল্ক বাতিল: আদায়কৃত ১৭৫ বিলিয়ন ডলার ফেরত নিয়ে বিপাকে মার্কিন প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের পূর্ববর্তী শুল্ক বাতিল হলেও এখনও পর্যন্ত আদায় করা ১৭৫ বিলিয়ন ডলারের আমদানি শুল্ক ফেরত দেয়া নিয়ে বিপাকে মার্কিন প্রশাসন। এছাড়া ভারত, যুক্তরাজ্য এবং ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি বহাল থাকলেও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আর এই রায়ে ভিনদেশের বাণিজ্য অংশীদাররা কিছুটা স্বস্তিতে থাকলে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন উদ্যোক্তারা। যদিও আদালতের রায়ের পরে চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার।

যে শুল্কনীতির জন্য দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেই শুল্কই বড় ধাক্কা হয়ে আসছে বর্তমান প্রশাসনের জন্য।

শুক্রবার ট্রাম্পের সম্পূরক শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায়ে অসন্তুষ্ট খোদ মার্কিন উদ্যোক্তারা। তারা বলছেন, ট্রাম্পের সম্পূরক শুল্কের কারণে মার্কিন মুলুকে বিভিন্ন পণ্যের উৎপাদন বাড়ানো এবং অন্তত ২০ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছিল। আদালতের রায়ে যা এখন অনিশ্চয়তার মুখে।

ফরচুনা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টাস পারমার বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়টি খুবই ভয়াবহ। অত্যন্ত বাজে সিদ্ধান্ত। আমার মতে, এই শুল্ক পুরোপুরি কাজ করছিল। আপনি যেকোনো হিসাব বা তথ্যের দিকে তাকান, দেখবেন দেশে প্রচুর পরিমাণে উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে এবং প্রায় ২০ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে।’

আরও পড়ুন:

এছাড়াও আদালতের রায় আসার আগ পর্যন্ত আদায় করা প্রায় ১৭৫ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক কীভাবে ফেরত দেবে ট্রাম্প প্রশাসন তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। আপাতত ট্রাম্পের শুল্ক মামলাটি আন্তর্জাতিক বাণিজ্য আদালতে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মামলা আদালতে উঠলে কোম্পানিগুলোও তাদের দেয়া শুল্কের টাকা ফেরত পেতে উঠেপড়ে লাগবে।

পেন-ওয়ারটন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্স বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এমন হতে পারে, আমরা শুল্ক থেকে আসা রাজস্ব হারাবো। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো কখনোই বিশ্বাস করবে না, এই শুল্ক পুরোপুরি বাতিল হয়েছে। তারা ভাবতেই পারেন, শুল্ক আবারও ফিরে আসতে পারে।’

অর্থনীতিবিদরা ধারণা করছেন, সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হলেও যুক্তরাষ্ট্র- ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে এর প্রভাব পড়বে না। যুক্তরাজ্য আর ভারতের সঙ্গেও চুক্তি বহাল থাকবে এমনটা বলা হলেও এগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে বলে মনে করেন বিশ্লেষকরা।

তবে কিছুটা ইতিবাচক খবর মিলেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। রায় ঘোষণার পর অ্যালফাবেটের শেয়ারের দাম বেড়েছে ৩.৭৪ শতাংশ পর্যন্ত। আর ২.৫ শতাংশ বেড়েছে অ্যামাজনের শেয়ার দর। এছাড়াও, এনভিডিয়া, অ্যাপল এবং মেটার শেয়ারের দাম বেড়েছে এক শতাংশেরও বেশি।

এসএস