চার মাসের বেশি সময় পর ফের আন্তর্জাতিক ফুটবলে খেলার প্রস্তুতি শুরু বাংলাদেশের। চলতি মাসে র্যাংকিং এবং শক্তিমত্তায় এগিয়ে থাকা দল ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে জামাল-শমিতরা। বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মতো প্রতিযোগিতাও আলাদা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিতে ভিয়েতনামকে বেছে নিয়েছে ফেডারেশন।
দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ভিয়েতনামের বিপক্ষে ভালো করতে পারলে পরবর্তীতে সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আশা করা সম্ভব। এদিকে বিশ্বনাথ ফেরায় দলের আগের স্বস্তির কথা জানিয়েছেন অধিনায়ক।
আরও পড়ুন:
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘বিশ্বনাথ অনেক বছর আমার সঙ্গে ছিলো। দুই বছর আগে তিনি ইঞ্জুরিতে পরেছেন। এই সময়টা প্রত্যেক খেলোয়াড়ের জন্য খারাপ যায়। তাছাড়া এ সময় অনেক খেলোয়াড়রাই হতাশা ভুগেন। কারণ ন্যাশনাল টিমে এসময়ে খেলা চলে। তাই বিশ্বনাথের ফেরাতে আমি খুশি।’
হামজা-জামালদের এশিয়ান কাপ বাছাই ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কোচ হিসেবে হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের ঘণ্টাও বেজে যাবে। তবে এনিয়ে খুব একটা চিন্তিত নন এ স্প্যানিশ কোচ। বরং বাফুফে চাইলে চুক্তির মেয়াদ আরও বাড়াতে চান ক্যাবরেরা।
বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমি মনে করি না কোনো সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ওপর ভিত্তি করে হবে। এখানে অনেক দিন ধরে আছি এবংসভাপতি জানেন আমি দলকে কী দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হবে।’
আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে ২৮ জনের দল নিয়ে মাঠের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। দেশের মাটিতে তিনদিনের প্রস্তুতি শেষে ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে লাল সবুজের প্রতিনিধিরা।





