আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৬তম জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | ছবি: সংগৃহীত
1

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ (মঙ্গলবার, ১৭ মার্চ)। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন শেখ মুজিবুর রহমান।

তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা খাতুন। তাদের চার কন্যা ও দুই পুত্রের সংসারে শেখ মুজিব ছিলেন তৃতীয়। শৈশব-কৈশোরে বাবা-মা তাকে আদর করে 'খোকা' বলে ডাকতেন।

১৯২৭ সালে, যখন তার বয়স সাত বছর, তখন তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।
১৯৩৯ সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই তার রাজনৈতিক জীবনের শুরু হয়। পরে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন শেষ হলে, পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন। ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠনে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন তিনি।

আরও পড়ুন:

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বঙ্গবন্ধুর জন্মদিনের রাষ্ট্রীয় মর্যাদা ও সরকারি ছুটি বাতিল করা হয়। বর্তমানে সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। ফলে গত বছরের মতো এবারও দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে না এবং ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও পালন করা হচ্ছে না।

এএম