Recent event

নির্বাচনে নিয়োজিত কেউ আচরণবিধি ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ | ছবি: এখন টিভি
1

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি আচরণবিধি ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘নির্বাচনি দায়িত্বে কর্মরত কেউ যদি আইন ভঙ্গ করেন বা তার মধ্যে পক্ষপাতিত্ব দেখা দেয় তাহলে আমাদের ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ গুরুতর হলে কমিশন নিজেই সেটাকে আমলে নিতে পারেন। অভিযোগ পেলে কমিটির মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:

এসময় তিনি আরও বলেন, ‘আমরা মনে করি নির্বাচনি পরিবেশ তুলনামূলকভাবে যথেষ্ট ভালো আছে। সকল রাজনৈতিক দলের কর্মী ও নেতাদের কাছে কমিশনের আবেদন থাকবে যেন তারাও একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রেখে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে।’

এদিকে, সংবাদ সম্মেলনে শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আইন অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী এ আসনের নির্বাচনের পরবর্তী পদক্ষেপসহ সকল কিছু বাতিল হয়ে গেছে। নির্বাচন কমিশন দ্রুতই নতুন করে এ আসনে তফসিল ঘোষণা করবে। তবে ১২ ফেব্রুয়ারির আগে তা হওয়ার কোন সুযোগ নেই। কারণ তফসিল ঘোষণা করতে হবে কমপক্ষে পনেরো দিন সময় দিয়ে।’

জেআর