তারেক রহমান লিখেছেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। বরাত অর্থ নাজাত বা মুক্তি। শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। তাই এই রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এটি রমজানের আগমনী বার্তা হিসেবে পরিচিত।
তিনি আরও লেখেন, এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ত্রুটি ও বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।
আরও পড়ুন:
শবে বরাতের আরেকটি তাৎপর্য তুলে ধরে তিনি বিএনপির চেয়ারম্যান লেখেন, বিশ্বাসী মুসলমানগণ সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামীন তাদের প্রতি দয়া ও অনুগ্রহ বর্ষণ করেন।
তারেক রহমান আরও লিখেছেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত রাতে আমাদের এ নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কবুল হবে। বিশ্ব শান্তি ও মুসলিমদের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর নিকট একান্ত মোনাজাত করব।
শেষে তিনি দেশ ও জাতির উন্নতির কথাও উল্লেখ করেন এবং লেখেন, আমি পবিত্র শবে বরাতের এ রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।





