ময়মনসিংহে বাবা-মাকে হত্যার পর মাটিচাপা দেয়ায় অভিযোগ, ছেলে আটক

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে খবর পেয়ে অভিযুক্ত ছেলে মো. রাজুকে (২৬) আটক করেছে পুলিশ।

ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের নাম মোহাম্মদ আলী (৭০) ও বানোয়ারা বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ মোহাম্মদ আলী স্থানীয় তাজুল ইসলামের মাছের খামারে কাজ করতেন। আজ কাজে না যাওয়ায় মোহাম্মদ আলীর মুঠোফোনে চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিকেল ৩টার দিকে এক প্রতিবেশী কয়েকজনকে নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে যান খোঁজ করতে। বাড়িতে ঘরের সামনে বসে থাকা রাজুকে তার বাবার কথা জিজ্ঞেস করলে মেরে ফেলার কথা বলে। হত্যার পর বাবা-মায়ের মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গতকাল দুপুর ১১ টার দিকে মাকে শ্বাসরোধ করে এবং রাত ২ টার দিকে বাড়ি ফিরলে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। পরে দুজনকে একইস্থানে পুঁতে রাখে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজু বেশ কিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া থেকে বিরত থাকতে বলায় এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো তার।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, ছেলে তার বাবা-মাকে হত্যা করেছে। ছেলেকে আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

সেজু