প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজরা। ব্যাংককের থাম্মাসাট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
বয়স ভিত্তিকের আগে সিনিয়র পর্যায়ের নারী এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। মঞ্চ নতুন হলেও এই টুর্নামেন্টে খেলাকেই বড় অর্জন বলে মনে করছেন দলের হেড কোচ পিটার বাটলার।
বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার বলেন, ‘আমরা মাত্র সিনিয়র এশিয়া কাপ শেষ করে এখানে এসেছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, যাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা। এখানে আসতে পারাটা তাদের জন্য বড় অর্জন। আমি আশা করি এটি মেয়েদের জন্য একটি চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা হবে এবং তারা মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট থেকে কিছু শিখতে পারবে।’
আরও পড়ুন:
সাফে ধারাবাহিক সাফল্য দেখালেও এশিয়ান পর্যায়ে এখনো নিজেদের প্রমাণ করতে পারেননি বাংলাদেশের নারীরা। এক্ষেত্রে দুই টুর্নামেন্টের মানের ভিন্নতাকেই কারণ হিসেবে দেখছেন কোচ।
পিটার বাটলার বলেন, ‘আমি সবসময় এই তরুণীদের নিজের সেরাটা দেয়ার এবং অকৃত্রিম থাকার ওপর জোর দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো, এএফসি এবং সাফের মান সম্পূর্ণ আলাদা। আমি জানি আমি সবসময় এটি নিয়ে কথা বলি তবে এএফসিই হলো সেই জায়গা যেখানে আপনি খেলতে চাইবেন। সেটি সিনিয়র হোক বা অনূর্ধ্ব-২০ দলের টুর্নামেন্ট হোক।’
স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে জানালেও ইতিবাচক ফুটবলের প্রত্যাশা বাটলারের কণ্ঠে।
তিনি বলেন, ‘আমি আশা করি মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। সিনিয়র জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে তা আমাদের জন্য ভালো অবস্থানে রাখবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাবো।’
বাংলাদেশের বর্তমান স্কোয়াডের অনেকেরই সিনিয়র এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা আছে। সেখান থেকে পাওয়া শিক্ষণ কাজে লাগবে বলেই বিশ্বাস কোচের।





