ফুটবলে হাসিমুখের দেখা নেই অনেক বছর। সে ধারা থেকে কিছুটা হলেও এবার বের হতে পেরেছে বাংলাদেশ। এক যুগের বেশি সময় পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। সে যাত্রায় তারা হারায় ভুটান ও মালদ্বীপকে। যদিও সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের কাছে হেরে বিদায় নিতে হয় হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদেরকে।
সাফের পর র্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচে ড্র করে বাংলাদেশ। আর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম রাউন্ডের খেলায় মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে জয় আর তাদের মাটিতে ড্র করে নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট।
যদিও বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে হারের রেকর্ড আছে। তারপরও সবমিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন পর ভালো একটি বছর কাটালো লাল-সবুজের দল। তাই র্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দলের খেলায় এসেছে পরিবর্তন। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফে।
তবে দেশের ফুটবলের গায়ে কলঙ্কের দাগ এঁকেছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফুটবল থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
ছবিতে বাফুফে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ
২০২২ সালে প্রথমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশ। তবে ২০২৩ সাল নারী ফুটবলে অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে। দক্ষিণ এশিয়া জয় করে ফেরা মেয়েদেরকে অর্থের অভাবের দোহাই দিয়ে অলিম্পিকের বাছাই খেলতে পাঠায়নি বাফুফে। যা নিয়ে তুমুল সমালোচনার শিকার হয়েছেন কাজী সালাউদ্দিনরা। বিক্ষুব্ধ হয়ে অবসর নেন সাফজয়ী দলের কয়েকজন ফুটবলার। পদ ছাড়েন সফলতম কোচ গোলাম রব্বানী ছোটন।
বেতনভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন নারী ফুটবলাররা। পরে ১০ হাজার টাকার পরিবর্তে সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত বেতন নির্ধারণ করে পরিস্থিতি সামাল দেয় বাফুফে।





