ভিনি, ভিডি, ভিসি! এলেন, দেখলেন, জয় করলেন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বমঞ্চে ভিনিসিয়াস জুনিয়র যেন হাজির হয়েছেন রোমান পুরাণের চেয়েও ভয়ংকরী রূপে। প্রতিপক্ষকে উড়িয়ে, দুই পায়ের জাদুতে নাচিয়ে, বিজয়কেতন উড়িয়ে যিনি ব্রাজিলকে নিয়ে যাচ্ছেন স্বপ্নের হেক্সা জয়ের পথে.
বুধবার ভোররাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্কটল্যান্ডের ওপর রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের মাত্র ৭ মিনিটেই স্কটিশ ডিফেন্ডারের ভুলকে সুযোগ বানিয়ে বল জাড়ে জড়িয়ে সেলেসাওদের উল্লাসে মাতান তিনি।
ম্যাচের ২২ মিনিটে একই কায়দায় আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন তিনি। তবে বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। তবে নিজের জোড়া পূরণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভিনিকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক হেডারে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোল আদায় করে নেন এই ব্রাজিলিয়ান স্টার।
৫২ ম্যাচে ব্রাজিলের হয়ে মাত্র ১৩ গোল করা ভিনিসিয়াস, শুধু বিশ্বকাপেই ৭ ম্যাচে করেছেন ৫ গোল আর তিন এসিস্ট। ভিনি ঝড়ের সাথে পাল্লা দিয়ে স্কটল্যান্ডের ডেরায় হামলা চালিয়েছেন ১৯ বছর বয়সী রায়ান থেকে শুরু করে আগের ম্যাচের জোড়া গোল করা কুনিয়ারা। তবে দুর্ভাগা রায়ান একটুর জন্য মিস করেন গোলের সুযোগ।
ম্যাচের ৫০ মিনিটে প্রথম বড় কোন সুযোগ পায় স্কটিশরা। তবে এলিসন বেকারের বিশ্বস্ত গ্লাভস আগলে রাখে সেলেসাওদের রক্ষণভাগ। ৫৯ মিনিটে আবারও সুযোগ মিস করেন রায়ান। তবে দলের লিড ৩-০ করতে বেশিক্ষণ সময় নেননি ম্যাথিউস কুনিয়া। ব্রুনো গুইমারেসের সাথে দারুণ বোঝাপড়ায় ৬১ মিনিটে আরও এক গোল যোগ করেন এই ফরওয়ার্ড।
তবে ম্যাচের ৭৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য চাতকপাখির মতো অপেক্ষা করছিলো কোটি ব্রাজিল ভক্ত। ৯৮০ দিন অর্থাৎ দুই বছর আট মাস ১ সপ্তাহ পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন নেইমার জুনিয়র। তবে ম্যাচের বাকি সময়ে আর কোন গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যার ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গোল পার্থক্য গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে উঠলো ব্রাজিল। হেক্সা মিশন জয়ের পথে নকআউট পর্বে তাদের প্রথম সম্ভাব্য বাঁধা হতে যাচ্ছে গ্রুপ এফ এর রানার্স আপ জাপান।





