চ্যাম্পিয়ন্স লিগে রাতে পিএসজি-বার্সেলোনা মহারণ

পিএসজি-বার্সেলোনা মহারণ
পিএসজি-বার্সেলোনা মহারণ | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ উড়তে থাকা বার্সেলোনা। চোটের ধাক্কা সামলে জয় ছিনিয়ে নেয়ার লক্ষ্য কোচ হান্সি ফ্লিকের বার্সার, অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে পুরোনো ক্লাবকে পেয়ে রোমাঞ্চিত পিএসজি বস লুইস এনরিকে। এছাড়া একই সময়ে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো দল।

পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দে প্রিন্সেসে আজ রাতে ক্ল্যাশ অব দ্য টাইটানস। একদিকে লুইস এনরিকের চেনা ছকের পিএসজির বিপক্ষে মাঠে নামবে এই মৌসুমে ১১ ম্যাচে ৪৮ গোল করা হান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ডিফেন্স লাইন নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ বার্সার আকাশে। গেলো সপ্তাহে জুলস কুন্দে ও এরিক গার্সিয়া নতুন করে চোটে পড়েছে। দেখা দিয়েছে অভিজ্ঞ ডিফেন্ডারের ঘাটতি।

তবে এরই মাঝে আছে সুখবরও, এনজুরি কাটিয়েএকাদশে ফিরতে পারেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। রদ্রি ও ফ্রাঙ্কি ডি ইয়ংকে রক্ষণে খেলানোর আভাস দেয়ার পাশাপাশি তরুণ আলেক্স ক্যাম্পোসকে প্রথমবার স্কোয়াডে রেখেছেন ফ্লিক। ম্যাচটা কঠিন হলেও ছন্দ ধরে রেখে ভালো কিছুর প্রত্যাশা বার্সা বসের।

তিনি বলেন, ‘আমি চাই আমার দল আত্মবিশ্বাসের সঙ্গে সাহসী ফুটবল খেলুক এবং দলগতভাবে লড়াই করুক, যেমনটা তারা শেষ ১১ ম্যাচে করে দেখিয়েছে। আমাদের অন্যতম সেরা বা গত দুই বছরের সেরা দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে। নিজেদের শক্তিমত্তা এবং উন্নতি প্রমাণের এটি আমাদের জন্য দারুণ সুযোগ।’

এদিকে ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতার মধ্যেও খেলা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে স্বাগতিক পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে লড়াই হলেও ম্যাচে পুরোটাই পেশাদারিত্ব বজায় রাখতে চান পিএসজি ম্যানেজার লুইস এনরিকে। বার্সার প্রতি অগাধ ভালোবাসার কথা জানিয়েও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আবার জিততে পছন্দ করব, কারণ প্রতিযোগিতাটাই আমার ভেতরের আমিত্বকে জাগিয়ে তোলে। আর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ক্লাবের বিপক্ষে খেলাটা বড় প্রেরণার। তবে এখন একজন প্যারিসিয়ান হিসেবে লড়াই উপভোগ করছি এবং জয়ের আশা রাখছি।’

অন্যদিকে ঘরের মাঠে এইকে এথেন্সকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ইনজুরি সমস্যা থাকলেও, এথেন্সের বিপক্ষে আর্লিং হ্যালান্ডকে পাওয়ার আশা ছাড়ছেন না সিটি বস এনজো মারেস্কা।

অন্যদিকে অ্যানফিল্ডে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। সাম্প্রতিক ফর্ম আর ডমিনিক সোবোসলাইয়ের ইনজুরি সমস্যা কিছুটা চাপে আছে কোচ আন্দোনি ইরাওলা।

এফএস