২৮ বছর পর বিশ্বকাপে নিজেদের যাত্রাটা দারুণভাবেই শুরু করেছে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নরওয়ে। মাঠের পাশাপাশি এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন তাদের ভক্তরাও। ভাইকিং সংস্কৃতি ধরে রেখে বিশ্বকাপে নরওয়েজিয়ানদের নৌকা বাইচের উদযাপন আলাদা এক আবহ সৃষ্টি করেছে ম্যাচ ভেন্যুতে। নিজের দেশকে সমর্থন জানাতে এবার একই উদযাপন দেখা গেল দেশটির সংসদেও। অধিবেশন শুরুর আগে বিখ্যাত 'ভাইকিং রো' ধ্বনিতে সমর্থন দিলেন নরওয়ের সংসদ সদস্যরা।
নরওয়ে সংসদ নেতা মাসুদ ঘারাহখানি জানালেন, মাঠে থাকা খেলোয়াড়দের প্রতি নিজেদের সমর্থন জানান দিতেই এমন আয়োজন সংসদে।
নরওয়ের সংসদ প্রেসিডেন্ট মাসুদ ঘারাহখানি বলেন, সংসদ সদস্যের পদ থেকে আমরা ভাবছিলাম কিভাবে সংসদের পদ থেকে আমাদের ফুটবলারদের পক্ষে সমর্থন বার্তা দেয়া যায়? জাতীয় দল সত্যিই ভালো করেছে। আর গণতন্ত্র আর সংসদের পক্ষ থেকে রো রো বলার চেয়ে ভালো কোনো উপায় থাকে না।
নরওয়ের সংসদের মতো প্রায় একই চিত্র দক্ষিণ কোরিয়ার অফিসপাড়ায়। দেশের খেলা দেখার সুযোগ করে দিতে অফিসের কর্ম-ঘণ্টার মাঝেই রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দল হারলেও এমন ভিন্নধর্মী উদ্যোগের ব্যাপারে সন্তুষ্ট কর্মচারীরা।
আবার আয়োজক দেশ কানাডায় বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের পাশে বিশেষ ফ্যানজোনের ব্যবস্থাও করা হয়েছে বিশ্বকাপের এই সময়ে। প্রকৃতি আর ফুটবলের এমন মিশেল বাড়তি আগ্রহ জন্ম দিয়েছে পর্যটকদের মাঝে।





