পাদপ্রদীপের আলো থেকে কিছুটা দূরে থাকায় বরাবরই চোখ এড়িয়ে যায় টেবিল টেনিস ফেডারেশন আর ব্যাডমিন্টন ফেডারেশনের অবহেলার চিত্র। ইনডোর স্টেডিয়ামের অস্বস্তিকর পরিবেশ, নিরাপত্তার অভাব প্রতিনিয়ত ভোগাচ্ছে দেশের পতাকা বহন করা অ্যাথলেটদের। কয়দিন আগেই প্রথমবার আন্তর্জাতিক পদকের দেখা পেয়েছে টেবিল টেনিস। সেই সাফল্যের পর পরিবর্তন আশা করেছিলেন তারা। কিন্তু, অবহেলার সেই পুরাতন চিত্রটা বদলায়নি এখনও।
গত বছরের ৫ মে ইনডোর স্টেডিয়াম গরমে খেলার অনুপযুক্ত উল্লেখ করে শীতাতপ ব্যবস্থা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয় টিটি ফেডারেশন। তবে চিঠি দেয়ার ৯ মাস পরেও নেই কার্যকর উদ্যোগ। ফলে আরও একবার গরমের সময়ে খেলা চালানো নিয়ে শঙ্কায় ফেডারেশনের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন:
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ বলেন, ‘ক্লোজ এরিয়া থাকায় একটা লেভেলের পর তাপমাত্রা বাড়ে। আর মার্চের পর থেকে খেলার উপযোগী থাকে না। তবে এর মাঝেও আমরা আমারদের প্রাকটিস চালিয়ে যাই। যেতে হয়েছে আমাদের। সময় পর তাপমাত্রা বেড়ে যায়। মার্চের পর থেকেই আমাদের এসিগুলো খুবি দরকার। আমি এনএসসির সঙ্গে কথা বলেছি। খুব তারাতারি কার্যকর করা হবে বলে জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইনডোর স্টেডিয়ামকে পুরো ঠিক করতে জটিলতাও আছে অনেক। টেন্ডার প্রক্রিয়ায় একটা বড় সময় লাগবে। এরপর কার্যক্রম শেষ করার সময় একটা সময় লাগবে।’
এ বিষয়ে জানতে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া উপ-সচিব আমিনুল এহসান মুঠোফোনে এখন টিভিকে জানান, পুরো বিষয়টি এখন পর্যন্ত দাপ্তরিক প্রক্রিয়াধীন। দ্রুতই এ ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে।





