ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের অভিনব উদ্যোগ

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন। তৃণমূল পর্যায়ে এক অভিনব পরিবর্তন আনা হয়েছে। ৭ বছরের নিচে শিশুদের নিয়ে ৩ বনাম ৩ ফরম্যাট দিয়ে ১২ মাসের জন্য শেখানো হবে ফুটবলের বল দখল, ড্রিবলিং, গোল করার ক্ষমতা বৃদ্ধি। তবে সেখানে থাকবে না কোনো গোলরক্ষক, হবে না খেলোয়াড় পরিবর্তন।

ফুটবল বিশ্বের পরাশক্তি স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিলের থেকে টেকনিক্যালি অনেক পিছিয়ে ইংল্যান্ড ফুটবল। যখনই বল পায়ে জাদু দেখানোর কিংবা মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রশ্ন আসে আর্জেন্টিনা কিংবা স্পেনের ফুটবলারদের সামনে ইংলিশ সিংহরা বড্ড অসহায়, বড্ড ম্লান।

পাস, বল দখল রেখে প্রতিপক্ষের ডেরায় নিখুঁত আক্রমণের দক্ষতা অন্যান্য দলের চেয়ে কম হওয়ায় গেলো ৬ দশকে বিশ্বকাপ শিরোপা ছাড়া দেশে ফিরতে হয় ইংল্যান্ডকে।

বিশ্বকাপে কেন বারবার ফাইনালের আগে ছিটকে যায় ইংল্যান্ড— এ নিয়ে কথা বলতে গিয়ে কোচ টমাস টুখেল জানান, চাপের মুখে বল দখলে রাখার সক্ষমতায় এখনও দুর্বল জুড বেলিংহাম, হ্যারিকেইনরা। যে কারণে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে এক অভিনব বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন:

এবার সাত বছরের কম বয়সী খেলোয়াড়দের নিয়ে ৩ বনাম ৩ বনাম ফরম্যাটে কাজ শুরু করেছে অ্যাসোসিয়েশনটি। উদ্দেশ্য একটাই— ইংল্যান্ড ফুটবল দলের জন্য ভবিষ্যৎ এমন এক প্রজন্ম তৈরি করা, যারা টেকনিক্যালি হবে বিশ্বসেরা।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, নতুন এই ফরম্যাটে ৩ গুণ বেশি বল স্পর্শ করার সুযোগ পায় শিশুরা। প্রতিটি বাচ্চা প্রতি মিনিটে বল পাস, ট্যাকল এবং সিদ্ধান্ত নিতে হয়। এটি তাদের আত্মবিশ্বাস অন্য যেকোনো সময়ের চেয়ে দ্বিগুণ করতে সাহায্য করে। এমনকি এখানে কোনো নির্দিষ্ট ডিফেন্ডার বা স্ট্রাইকার না থাকায় আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই সবাইকে সমানভাবে অংশ নিতে হয়।

তৃণমূল পর্যায়ে এই ফরম্যাট নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই মনে করেন গোলরক্ষক ছাড়া ফুটবলের আসল রোমাঞ্চ হারিয়ে ফেলে।

তবে আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে গতি, নিখুঁত পাসিং এবং তীব্র মানসিকভাবে সতর্ক করতে এই ফরম্যাট ইংল্যান্ডের তৃণমূল ফুটবলে একটি দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এটিকে কতটা বাধ্যতামূলকভাবে দেশজুড়ে ছড়িয়ে দিতে পারে।

এসএইচ