রোনালদোকে আবারও জাতীয় দলে চান ভিতিনিয়া

ভিতিনিয়া আর রোনালদো
ভিতিনিয়া আর রোনালদো | ছবি: সংগৃহীত
0

রোনালদোকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। একদিকে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, অন্যদিকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়া। ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোর্হে জেসুসের দ্বন্দ্বে এখন উত্তপ্ত পর্তুগাল শিবির। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সঙ্গে যোগ হয়েছে নিষেধাজ্ঞার শঙ্কা। এমন পরিস্থিতিতে সব বিরোধের অবসান চান পর্তুগিজ সতীর্থ ভিতিনিয়া।

পর্তুগাল শিবিরে রোনালদো-জেসুস দ্বন্দ্বের রেশ কাটছেই না। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে দীর্ঘক্ষণ ওয়ার্মআপ করেও মাঠে নামার সুযোগ পাননি রোনালদো। এতেই ক্ষুব্ধ হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তার অভিযোগ, খেলার সুযোগ দেয়া এবং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি কোচ জেসুস।

ক্ষোভের জেরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে কোপেনহেগেনে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পরে সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উল্টো ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দায়িত্বে অনুপস্থিতির ঘটনায় এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে তার।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ৪-২ গোলের জয়ের পর রোনালদো ইস্যুতে মুখ খোলেন ভিতিনিয়া। সরাসরি কারও পক্ষ না নিয়ে তিনি জানান, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতি ছিল আবেগ আর বিশৃঙ্খলায় ভরা। তবে সবকিছুর সুন্দর সমাধান চান তিনি। রোনালদো আবার দলে ফিরবেন, পরিস্থিতি স্বাভাবিক হবে এটাই সবার প্রত্যাশা।

পর্তুগালের ইতিহাসে অন্যতম সেরা এই তারকাকে ঘিরে অনিশ্চয়তা বাড়লেও, ভিতিনিয়ার কথায় স্পষ্ট দলের স্বার্থেই দ্রুত সমাধান চান সতীর্থরা।

জেআর